শিশুশ্রম নিরসন ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতে কারিতাসের বিশেষ সভা অনুষ্ঠিত

রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁ মিলনায়তনে সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ঢাকা অঞ্চলের উদ্যোগে শিশুশ্রম নিরসন ও এ সংক্রান্ত সমস্যা সমাধানে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মোসাম্মৎ জুলিয়া জেসমিন। কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা শিশু অধিকার সুরক্ষা ও তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা ভাসমান ও বস্তিবাসী শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া জটিলতা, শিশুদের মায়েদের জাতীয় পরিচয়পত্র তৈরিতে প্রতিবন্ধকতা এবং তাদের শিক্ষা ও আবাসন সমস্যার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। এসব সমস্যা নিরসনে ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার এবং শিশুদের জন্য ব্রিজিং শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির বিদ্যমান পদ্ধতিগুলোকে আরও সহজতর ও জনবান্ধব করার জন্য নীতিনির্ধারণী পর্যায়ে প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। কারিতাসের কর্মসূচি কর্মকর্তা অসীম ক্রুশের সঞ্চালনায় আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিতাসের কর্মকর্তা আগষ্টিন শুভাষ পিউরিফিকেশন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শাহ আলম, সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব দীন মোহাম্মদ, সমাজকর্মী জাহানারা বেগম ও নুরুল আমিন। বর্তমান সরকার ও তারেক রহমানের সুপরিকল্পিত রূপরেখা অনুযায়ী শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে প্রতিটি স্তরে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান আলোচকরা।

০%
০%
০%
০%