চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এক বিদেশি রিভলভার ও পাঁচটি ধারালো অস্ত্রসহ চার যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার দিবাগত রাতে স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে হাটহাজারী ও এর পার্শ্ববর্তী এলাকায় পোশাক শ্রমিক এবং পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল এই চক্রটির বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাদের শনাক্ত করলে তারা পালানোর চেষ্টা করে। এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়িতে ঘেরাও করে তাদের আটক করেন।
আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি রিভলভারসহ পাঁচটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেওয়ার পর হাটহাজারী মডেল থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজনকে হেফাজতে নেয়।
আটককৃতরা হলেন নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) এবং মো. হাসান মুরাদ (১৮)। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।