শরীয়তপুরে ৬ মাসের শিশুকে নিয়ে রহস্য ঘনীভূত, চাচী আটক হলেও এখনো উদ্ধার হয়নি শিশু

শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা এলাকায় ৬ মাস বয়সী এক শিশুকে নিয়ে চাঞ্চল্যকর ঘটনার নতুন মোড় তৈরি হয়েছে। প্রথমে অপহরণের অভিযোগ উঠলেও পরে অভিযুক্ত চাচীর বক্তব্যে সামনে আসে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের বিষয়। তবে ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো—এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

অপহৃত শিশুর নাম জাহিদ (৬ মাস)। সে পূর্বনাওডোবা ফরাজি কান্দি এলাকার বাসিন্দা জুয়েল মল্লিক ও রাত্রি আক্তার দম্পতির সন্তান।

পরিবারের অভিযোগ, শুক্রবার (১৬ মে) সকাল প্রায় ৬টার দিকে শিশুটির চাচী আমেনা আক্তার কৌশলে শিশুটিকে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

অভিযুক্ত আমেনা আক্তার পূর্বনাওডোবা পাইনপাড়া এলাকার বাসিন্দা, সুলতান খানের মেয়ে এবং মালেক মল্লিকের স্ত্রী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) গ্রামবাসীরা অভিযুক্ত আমেনা আক্তারকে আটক করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় অভিযুক্ত আমেনা আক্তার দাবি করেন, শিশুটির বাবা-মায়ের কাছে তার কিছু পাওনা টাকা রয়েছে। দীর্ঘদিন ধরে সেই টাকা না পাওয়ায় বাধ্য হয়ে নিজের পাওনা আদায়ের উদ্দেশ্যে তিনি এ কাজ করেছেন।

তিনি আরও দাবি করেন, পাওনা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত বিষয়টি ছাড়বেন না।

তবে অভিযুক্তকে আটক করা হলেও এখন পর্যন্ত ৬ মাস বয়সী শিশু জাহিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটি কোথায় রয়েছে, কার কাছে রয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে দ্রুত উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে শিশুর পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে, আর পুরো ঘটনাকে ঘিরে এলাকায় বাড়ছে উদ্বেগ ও নানা আলোচনা।

0%
0%
0%
0%