মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী ৩১ জন শিশু-কিশোরকে বাইসাইকেল পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। মারিয়ালয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় চারটি মসজিদের শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেছিল।
ধারাবাহিকভাবে জামায়াতে নামাজ আদায়কারী ৩১ জন বিজয়ীর হাতে বাইসাইকেল তুলে দেওয়ার পাশাপাশি আরও ২৬ জনকে প্রেসার কুকার উপহার দেওয়া হয়েছে। মারিয়ালয় গ্রামের তিনটি এবং পার্শ্ববর্তী শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদের শিশু-কিশোরদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়া নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সমাজসেবক হাজী মো. সাখাওয়াত হোসেন শেখ। মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী। এ সময় মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজী এবং ইউপি সদস্য মো. মস্তফা সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা নতুন প্রজন্মকে নিয়মিত নামাজে উদ্বুদ্ধ করার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। আয়োজকরা জানিয়েছেন, শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও সুশৃঙ্খল জীবনযাত্রায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।