গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহাসড়কের উভয় লেন দখল করে শ্রমিকরা অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন।
ক্ষুব্ধ শ্রমিকদের ভাষ্যমতে, মে মাসের বেতন নির্ধারিত সময়ে পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বারবার তারিখ পরিবর্তন করে কালক্ষেপণ করছে। জুন মাসের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। মনির হোসেন ও লাইলী বেগম নামের কয়েকজন শ্রমিক জানান, বাসাভাড়া বকেয়া ও দোকানপাটে পাওনা বেড়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের। বারবার আশ্বাস পাওয়ার পরও বেতন না পেয়ে বাধ্য হয়েই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
মহাসড়কে আটকা পড়া যাত্রী মুসান্না সাকিব জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থেকে সাধারণ মানুষ সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করায় মালিকপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। এ ধরনের পরিস্থিতির স্থায়ী সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, খবর পাওয়ার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছিল এবং মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়নি। এ ঘটনায় স্থানীয়রা দোষী কর্তৃপক্ষকে দ্রুত জবাবদিহিতার আওতায় এনে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।