সিলেট মহানগরীর খাসদবির পয়েন্টে নতুনভাবে যাত্রা শুরু করল ‘সিলেট হলি ডে হোম’। বৃহস্পতিবার সকালে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাচ্ছে। প্রবাসীদের বিনিয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠছে, যা বেকারত্ব দূরীকরণে ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
যুক্তরাজ্যপ্রবাসী ও ‘সিলেট হলি ডে হোম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মুনিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা সিলেটের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে শাহ মুনিম জানান, সবুজে ঘেরা প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য হয়ে উঠবে। তার লক্ষ্য হলো সিলেটের পর্যটন খাতকে বিশ্বদরবারে পরিচিত করে তোলা, যাতে প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্ম দেশে বিনিয়োগ ও ভ্রমণে আরও বেশি উৎসাহিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা শাহ আব্দুল খালিশ মিনার, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবা এবং অধ্যাপক এম. শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী নেতৃবৃন্দসহ অনেকেই এই উদ্বোধনী আয়োজনে অংশ নেন।