মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশ পরিচয়ে প্রতারণা ও ইজিবাইক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত এক সেনা সদস্য ও এক পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও চাকরিচ্যুত সেনা সদস্য মো. সুজন মোল্লা, চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. লিমন মিয়া এবং মো. সাকায়েত মুন্সী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ জুন দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের ঢালে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তি ইজিবাইক ভাড়া করেন। গন্তব্যে পৌঁছানোর পর কৌশলে অন্য এক সহযোগী এসে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে অভিযানের কথা বলে বিভ্রান্ত করেন। পথিমধ্যে মোটরসাইকেলে থাকা আরও দুই সহযোগীর সহায়তায় তারা চালককে জিম্মি করে ব্যাটারিচালিত ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ১৩ জুন ভুক্তভোগী বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে রাজৈর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

০%
০%
০%
০%