জকিগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, অভিযানে কোনো গ্রেপ্তার নেই

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১৯) একটি যৌথ দল উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার পাশে এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় এলাকাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি তল্লাশি করে একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, ১ দশমিক ৩৪ কেজি ওজনের পাওয়ারজেল বিস্ফোরক এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর জব্দ করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকায় কাউকে পাওয়া যায়নি এবং এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাধারণ ডায়েরি মূলে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%