পেকুয়ায় বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আবু তাহের ওই এলাকারই স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবু তাহেরের বসতঘরে পরপর দুটি ঢিল ছোড়া হয়। শব্দ শুনে তিনি ও তার ছেলে মোহাম্মদ তারেক ঘর থেকে বেরিয়ে এলে প্রতিবেশী নুর হোছেনের ছেলে মোহাম্মদ সিফাতকে (২৭) দেখতে পান। ঢিল ছোড়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সিফাতের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে সিফাত ধারালো কিরিচ দিয়ে আবু তাহেরের বাম হাতে সজোরে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে সিফাতের বিরুদ্ধে এলাকায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে মুচলেকা দিয়ে পার পাওয়ার পর থেকেই আবু তাহেরের সঙ্গে সিফাতের বিরোধ চলছিল। নিহতের ছেলে মোহাম্মদ তারেকের অভিযোগ, ঘটনার সময় সিফাত একা ছিল না, তার সঙ্গে আরও কয়েকজন ছিল এবং হামলার পর তারা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত সিফাত পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%