নীলফামারীতে আধুনিক ও বাণিজ্যিক কৃষির প্রসারে পার্টনার প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী জেলা সদরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ বা পার্টনার প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক এক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আয়াতুল্লাহ এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি খাতের সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা উপজেলা কৃষি অফিস চত্বরে স্থাপিত কৃষি প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, কৃষি খাতকে আধুনিক ও লাভজনক শিল্পে রূপান্তর করতে প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার কোনো বিকল্প নেই। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের উন্নত জাতের ফসল আবাদ, বাজারজাতকরণ প্রক্রিয়া এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি করা হচ্ছে, তা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মন্ডল তার বক্তব্যে বলেন, প্রচলিত খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বেরিয়ে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে পারলে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহনশীল ও টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, কৃষকদের দোরগোড়ায় আধুনিক তথ্য ও সেবা পৌঁছে দিতে পারলে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

০%
০%
০%
০%