Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে পাচারের সময় ১০০ বস্তা টিএসপি সার জব্দ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১০০ বস্তা বা ৫ মেট্রিক টন টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের পোল্লাকান্দি এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে সারসহ একটি ট্রলি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে অধিক মুনাফার আশায় অবৈধ উপায়ে টিএসপি সারগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়ার উপস্থিতিতে এই অভিযান সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া জানান, বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সারগুলো সরিয়ে নেওয়ার সময় তা আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে প্রশাসন।

জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজারে কৃত্রিম সংকট রোধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%