Advertisement

রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেসের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্টেশন এলাকা থেকে ট্রেনটি প্রায় ২০০ গজ দূরে যাওয়ার পরই বগির নিচের ট্রলি ভেঙে এই দুর্ঘটনা ঘটে। মূল লাইনের ওপর বগিটি আড়াআড়িভাবে আটকে থাকায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বগিটি সরিয়ে নিলে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হবে। তবে উদ্ধারকাজ সম্পন্ন করে ট্রেন চলাচল সচল করতে বিকেল আড়াইটা থেকে তিনটার কাছাকাছি সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একই দিন সকালে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বারবার এমন ঘটনায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

0%
0%
0%
0%