Advertisement

কুড়িগ্রামে অবৈধভাবে সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার। অভিযানে স্থানীয় পুলিশ সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে সার মজুত করে কৃষকদের কাছে চড়া দামে বিক্রির চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাইকেরছড়া ইউনিয়নের মেসার্স খোকন ব্রিকসের মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের গুদামে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এ অপরাধে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

একই ইউনিয়নে অবস্থিত কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়েছে। দোকানের মালিক রফিকুল ইসলামকে এ ঘটনায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ জানিয়েছেন, সার মজুতদার ও কালোবাজারি নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0%
0%
0%
0%