Advertisement

বগুড়ায় ১ হাজার ২০০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গ্রেপ্তারকৃত রবিউল উপজেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে র‍্যাবের একটি টহল দল জানতে পারে যে, এক ব্যক্তি সিএনজি যোগে ইয়াবার বড় একটি চালান নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ৯টার দিকে সন্দেহভাজন সিএনজিটিকে থামিয়ে তল্লাশি চালালে রবিউল ইসলামের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে রবিউল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো ব্যক্তি বিশেষের অপরাধের দায় সংগঠন নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%