দিনাজপুরের বোচাগঞ্জে গর্তের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের দেওখাড়া গ্রামে টিউবওয়েলের পানি নিষ্কাশনের গর্তে পড়ে নেহা রানী রায় নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে সবার অগোচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেহা ওই গ্রামের গোপাল চন্দ্র রায়ের কন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, খেলাধুলার এক পর্যায়ে শিশুটি টিউবওয়েলের গর্তে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের ভেতর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ ইবনে এনাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকেও এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির শেষকৃত্য সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
