মিরসরাইয়ে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিষুমিয়ারহাট এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আলম নামের ২৮ বছর বয়সী এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকার জামশেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে নুর আলম দীর্ঘ সময় ধরে কখনো রাজমিস্ত্রি, কখনো ডেকোরেশনের সহযোগী আবার কখনো কারখানায় শ্রমিকের কাজ করে আসছিলেন। ঘটনার দিন সকালে বিষুমিয়ারহাট এলাকায় একটি ভবনের ছাদে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্রা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্বজন ও এলাকাবাসী জানান, কঠোর পরিশ্রমী নুর আলম অত্যন্ত পরোপকারী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ পদক্ষেপের দাবি জানিয়েছেন।
