ফরিদগঞ্জে মা-ছেলে ইয়াবাসহ আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক এবং তার মা ছেমন খাতুন।
অভিযানের নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আটকের সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত মা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
