টেকনাফে অস্ত্র ও বিপুল গোলাবারুদসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথক দুটি অভিযানে একটি বিদেশি সাব মেশিনগান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে পরিচালিত এই অভিযানে অস্ত্রসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের বিভিন্ন স্থানে বিশেষ তল্লাশি চালানো হয়। এ সময় একটি ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক সাব মেশিনগান উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির মালিক বা এর সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
একইদিন সন্ধ্যা ৬টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে দ্বিতীয় দফার অভিযান পরিচালনা করে র্যাব। ওই বসতঘর থেকে শামসুন নাহার নামের ১৮ বছর বয়সী এক তরুণীকে আটক করা হয়। পরবর্তীতে তার ঘর তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা শামসুর আলমের মেয়ে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তার তরুণীকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
