Advertisement

সন্দ্বীপে ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার তুলাতলী বাজারে এক ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে আকবর হোসেন (৫৫) নামের ওই ব্যবসায়ী নিজের দোকানে থাকা অবস্থায় অতর্কিত হামলার শিকার হন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে নিজাম (৪৭) নামের আরও একজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ আকবর হোসেনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার ডান হাতের বাহুতে বিদ্ধ গুলি অপসারণের জন্য চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন। আহত নিজামকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হামলার শিকার ব্যবসায়ী আকবর হোসেন জানান, দোকান খোলার সময় আকস্মিকভাবে দুর্বৃত্তরা হামলা চালায়। তিনি অভিযোগ করেছেন যে, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার, খোকন ও স্বাধীনসহ কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে হামলাকারীরা তার দোকান থেকে প্রায় এক লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুয়ার টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ বর্বরোচিত হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

0%
0%
0%
0%