নবীনগরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে গ্রামে সশস্ত্র হামলা ও লুটপাট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এক ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রামের যুবকদের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে মেঘনা নদী তীরবর্তী এই গ্রামে মির্জাচর গ্রামের একদল সশস্ত্র যুবক অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনা নিয়ে চরলাপাং ও পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের যুবকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মির্জাচরের যুবকরা নৌকাযোগে দেশি ও আগ্নেয়াস্ত্র নিয়ে পুনরায় চরলাপাং গ্রামে প্রবেশ করে। হামলাকারীরা হোসেন মিয়া, সিদ্দিকুর রহমান, নছর মিয়া, খায়ের মিয়া, আবুল কাশেম ও উজ্জল মিয়ার বাড়িতে অতর্কিতে হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা নারীদের মারধর করার পাশাপাশি ফাঁকা গুলি ছুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বীরদর্পে চালানো এই তাণ্ডবে আরও বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। স্থানীয়দের মতে, আগ্নেয়াস্ত্র সজ্জিত হামলাকারীদের এই আক্রমণ দুর্ধর্ষ ডাকাতির চেয়েও ভয়াবহ ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেঘনা তীরের বাসিন্দারা চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। পরবর্তী হামলার আশঙ্কায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে আছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
