ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া গ্রামে চিকিৎসা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে যৌন নিপীড়নের দায়ে হানিফ শেখ নামের এক ভণ্ড কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন এবং অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। দণ্ডিত হানিফ শেখ ওই গ্রামের মো. লাল মিঞা শেখের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের আড়ালে প্রতারণামূলক কর্মকাণ্ড ও নারী নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন। গত ২০২৫ সালের ২২ মার্চ ভুক্তভোগী তরুণী তার ছোট বোনকে নিয়ে চিকিৎসার প্রয়োজনে আসামির বাড়িতে যান। সেই সুযোগে কবিরাজ তাকে চিকিৎসার কথা বলে পাশের একটি টিনের ঘরে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন চালায়। ঘটনার পর ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং বিষয়টি চেপে যাওয়ার জন্য বাধ্য করা হয়।
দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানির পর রাষ্ট্রপক্ষ অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন। আদালতের এই রায়ের মাধ্যমে সমাজে চলমান ভণ্ডামি ও অপচিকিৎসার বিরুদ্ধে একটি কঠোর বার্তা পৌঁছাল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
