কুতুবদিয়ায় টমটম দুর্ঘটনায় একজনের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং আজম রোডে টমটম ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ইমতিয়াজ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে শ্বশুরবাড়ির কুলখানিতে যাওয়ার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, উত্তর ধুরুং তেলিয়াকাটা থেকে ইমতিয়াজ টমটমে করে কুলখানির জন্য মাংস নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে টমটমটি আজম রোড হয়ে মনু সিকদার পাড়ার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টেম্পো সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমে থাকা ইমতিয়াজ গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষী টেম্পো চালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
