নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ ও ফাঁসির দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইসলামী যুব আন্দোলনের স্থানীয় নেতা মুজাহিদুল ইসলাম বুলবুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সালেহনগরে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যা করে। স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ করায় শেখ সিফাত ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় কর্মীর এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যদি প্রাণ দিতে হয়, তবে তা সাধারণ মানুষের জন্য অশনি সংকেত।
অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি জি এম আনছার আলী রয়েল, যুব শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সেক্রেটারি মাওলানা এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
