উখিয়ায় আরসা কমান্ডারসহ গ্রেপ্তার দুই, থানায় একাধিক মামলা বিচারাধীন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ৬ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকে কামাল হোসেনের বসতবাড়িতে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আরসা কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তার সহযোগী আব্দুল হাফেজ।
নৌকারমাঠ পুলিশ ক্যাম্প-৩-এর ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গোয়েন্দা সদস্যরাও অংশ নেন। পুলিশের তথ্যমতে, কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা কোফায়েত উল্লাহ ও আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, পুলিশের ওপর হামলাসহ অন্তত কয়েকটি গুরুতর মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘ সময় পলাতক থাকা এই সন্ত্রাসী ক্যাম্পে অপহরণ, মাদক ও অস্ত্র ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
গ্রেপ্তারকৃত আব্দুল হাফেজ উখিয়ার ৬ নম্বর ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা এবং আরসার সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত। এই ঘটনার পর ১৪ এপিবিএনের অধিনায়ক রিয়াজ আমীন জানান, ক্যাম্পে আইনশৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এ ঘটনায় স্থানীয়রা এবং ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
