Advertisement

ফেনীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

ফেনী শহরতলীর মহিপাল ফলের আড়ৎ সংলগ্ন রেহান ম্যানশনে দিনেদুপুরে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ ১০ লক্ষ ৬০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

গৃহবধূর ভাষ্যমতে, দরজায় শব্দ পেয়ে তিনি উঁকি দিলে অতর্কিতভাবে দুজন লোক জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ধারালো ছুরির ভয় দেখিয়ে তার মুখ বেঁধে ফেলে এবং আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুরুতে ২০ ভরি স্বর্ণালংকার লুট হওয়ার কথা জানানো হলেও, পরবর্তীতে পুলিশের উপস্থিতিতেই গৃহবধূর বোনের রেখে যাওয়া ৫ ভরি স্বর্ণ ও ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করার পর পুলিশ পুনরায় তদন্তের আশ্বাস দিয়ে চলে গেছে।

এদিকে দিনের আলোয় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%