শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড ইউনিয়নের দারগারচালা এলাকায় মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পারিবারিক কলহের জের ধরে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে স্ত্রী অর্থাৎ হাফিজ উদ্দিনের মেয়ের সঙ্গে স্বামী ফিরুজের বাকবিতণ্ডা ও ঝগড়া শুরু হয়। বিষয়টি জানতে পেরে হাফিজ উদ্দিন মেয়ের বাড়িতে উপস্থিত হলে জামাই ফিরুজের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফিরুজ বাঁশের লাঠি দিয়ে হাফিজ উদ্দিনকে সজোরে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত হাফিজ উদ্দিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের সাহাবউদ্দিনের ছেলে এবং তিনি পরিবার নিয়ে শ্রীপুরের সলিং মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত ফিরুজ একই উপজেলার রংছাতি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ফিরুজ নিজ ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন বলে স্বজনরা নিশ্চিত করেছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।
