Advertisement

মাধবপুরে পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটার থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত একটি চিকিৎসকের কোয়ার্টার থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের আনুমানিক বয়স ২৫ বছর এবং মরদেহটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আগেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের জন্য নির্মিত কোয়ার্টারগুলো দীর্ঘকাল ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনের অধিকাংশ দরজা ও জানালা না থাকায় জায়গাটি অনেকটা অরক্ষিত। সোমবার দুপুরে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা ভবনের আশপাশ পরিষ্কার করতে গেলে এক সদস্য জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান জানান, কোয়ার্টারগুলো অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে সেখানে কেউ বসবাস করে না। ভবনগুলো পরিত্যক্ত ও অরক্ষিত থাকার সুযোগে অজ্ঞাত ওই যুবক ভেতরে প্রবেশ করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%