মৌলভীবাজার সীমান্তে ৮৩০ কোটি টাকার চোরাচালান ও অস্ত্র উদ্ধার করল বিজিবি

মৌলভীবাজারের সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম আট মাসে কঠোর অভিযান চালিয়ে ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়োজিত ৪৬ বিজিবি ব্যাটালিয়ন এই বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করেছে।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এই তথ্য জানান। তিনি জানান, ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মাদকের পাশাপাশি বড় ধরনের অস্ত্র ও বিস্ফোরক চালান আটক করা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, ছয়টি এয়ারগান, পাঁচটি পাইপগান ও একটি ওয়ান শুটার গান। এছাড়া ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে, যা সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
বিজিবি সূত্র জানায়, সরাইল রিজিয়নের অধীনে ১ হাজার ২০৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চারটি সেক্টরের ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে। চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবির এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি বদ্ধপরিকর। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।
