Advertisement

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি গঠন, ৯ নেতাকে শোকজ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ছাত্রদলের অভ্যন্তরে পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও বিভক্তির সৃষ্টি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই পক্ষ পৃথকভাবে কমিটি ঘোষণা করলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আমড়াগাছিয়া, দেউলী সুবিদখালী, কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়নে পৃথক চারটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে আমড়াগাছিয়ায় সাইফুল ইসলাম ও মো. হাসান, দেউলী সুবিদখালীতে হাসিবুল ইসলাম শান্ত ও মো. মাসুম আহমেদ, কাকড়াবুনিয়ায় সাইফুল নূর ও রাকিব মৃধা এবং মজিদবাড়িয়ায় মিরাজ হোসেন ও সাইদুল ইসলামকে নেতৃত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর বিপরীতে একই দিনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. রাজিব হোসেনসহ বিদ্রোহী অংশের নেতারা উপজেলার পাঁচটি ইউনিয়নে পাল্টা কমিটি ঘোষণা করেন। সেখানে মাধবখালীতে বেল্লাল হোসেন ও রাজিব আহসান, আমড়াগাছিয়ায় মাহিন মোল্লা ও মো. হাসান, দেউলী সুবিদখালীতে আব্বাস আকন ও তানভীর হাওলাদার, কাকড়াবুনিয়ায় আসাদুজ্জামান ও নাঈম ইসলাম এবং মজিদবাড়িয়া ইউনিয়নে মিরাজ হোসেন ও আরিফ হোসেন উদয়কে বিভিন্ন পদে মনোনীত করা হয়।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এই ঘটনার পর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ উপজেলা ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। অভিযুক্তদের নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ ও সিনিয়র সহ-সভাপতি মো. রাজিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

0%
0%
0%
0%