মোংলায় চাঁদা না পেয়ে ড্রেজার শ্রমিককে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাগেরহাটের মোংলায় চাঁদা না পেয়ে আলমগীর শেখ (২৭) নামের এক ড্রেজার শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার পাশাপাশি তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন তিন রাস্তার মোড়ে এই সহিংসতার ঘটনা ঘটে। ভুক্তভোগী আলমগীর বর্তমানে স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী শ্রমিক থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি দীর্ঘদিন ধরে ড্রেজারে বালু কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন ইমলাদ গাজী (৩৫), শামীম ফকির (৩৫) ও বাচ্চু ফকির (৪৪) তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এই অনৈতিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হন এবং হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তিন রাস্তার মোড়ে আলমগীরের গতিরোধ করেন। সেখানে লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং তার পকেটে থাকা ৪ হাজার ৮৭০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে, এলাকায় ড্রেজারে কাজ করতে হলে তাদের নিয়মিত চাঁদা দিয়ে কাজ করতে হবে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী মো. মানিক জানান, তিনি কয়েকজন ব্যক্তিকে সংঘবদ্ধভাবে আলমগীরকে মারধর করতে দেখেন এবং তাদের টাকা দাবির বিষয়টিও তার কানে আসে। স্থানীয়রা ঘটনাটি আঁচ করতে পেরে দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা আলগীরকে রেখে দ্রুত সটকে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর শেখ মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দোষীদের খুঁজে বের করতে মাঠে নেমেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা।
