Advertisement

ফেনীর ছাগলনাইয়ায় কচুর পাতা কাটা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে কচুর পাতা কাটাকে কেন্দ্র করে সালেহ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার বক্কর ড্রাইভারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালেহ আহমদ ওই বাড়ির মৃত মৌলভী আলী আহমদের পুত্র।

স্বজনদের ভাষ্যমতে, আসরের নামাজের পর বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করার সময় ভুলবশত প্রতিবেশী দুলালের দুটি কচুপাতা কেটে ফেলেন সালেহ আহমদ। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুলাল তাকে বালতি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই সালেহ আহমদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের আত্মীয় রিপন জানান, জমিজমা নিয়ে দুলালের সঙ্গে সালেহ আহমদের দীর্ঘদিনের বিরোধ ছিল। কচুপাতা কাটার তুচ্ছ ঘটনাটি সেই শত্রুতার জেরে বড় আকার ধারণ করে। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে ছাগলনাইয়া থানায় নিয়ে যায়।

রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। সৌদি প্রবাসী নিহতের ছেলে ওমর ফারুক দেশে ফেরার পর এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। অভিযুক্ত দুলাল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%