Advertisement

নরসিংদীতে ছাত্রদল নেতা মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজন গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার জেলার মহেশখালী থানার ‘হোটেল গ্রীন প্যালেস’ নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিহত ইব্রাহিম আল মাসুম এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে হামলার শিকার হয়েছিলেন। গত ৪ আগস্ট সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ১০ আগস্ট সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মাসুমের শ্যালক হাসান মোহাম্মদ মহসিন বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ও র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ অপর চারজন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এদিকে, এই নৃশংস ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকাজুড়ে। স্থানীয়রা অবিলম্বে পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%