ফরিদপুরে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকের লক্ষাধিক টাকা হাতিয়ে উধাও এনজিও

ফরিদপুরের সদরপুর উপজেলায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সঞ্চয়ের কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘এমপাওয়ারমেন্ট সেন্টার ফর ওমেন’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঋণ পাওয়ার আশায় জমানো টাকা খোয়ানোয় চরম বিপাকে পড়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাহক। বুধবার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের ভুক্তভোগী মুস্তাকিম হাওলাদার বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে চার-পাঁচজনের একটি চক্র নিজেদের এনজিওর কর্মকর্তা পরিচয় দিয়ে চর কুমারিয়া এলাকার সৌদি প্রবাসী শিহাব বেপারীর বাড়ির নিচতলা ভাড়া নেয়। এরপর তারা উপজেলার বিভিন্ন এলাকায় সহজ শর্তে বড় অঙ্কের ঋণ দেওয়ার কথা প্রচার করে গ্রাহক সংগ্রহ শুরু করে। ঋণ দেওয়ার পূর্বশর্ত হিসেবে প্রতিটি গ্রাহকের কাছ থেকে ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫২ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় বা জামানত হিসেবে সংগ্রহ করে তারা।
চক্রটি বুধবার ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু নির্ধারিত দিনে গ্রাহকরা অফিসে এসে দেখেন দরজায় তালা ঝুলছে। উপস্থিত ভুক্তভোগীরা জানান, তারা ধার-দেনা করে বা গয়না বিক্রি করে এনজিওর কর্মকর্তাদের হাতে টাকা তুলে দিয়েছিলেন। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সবগুলো নম্বর বন্ধ পাওয়া যায়, যার ফলে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়।
ভবন মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাড়া নেওয়ার সময় প্রতারক চক্রটি প্রয়োজনীয় কাগজপত্র বা অগ্রিম ভাড়া জমা দেওয়ার বিষয়ে কালক্ষেপণ করছিল। ঊর্ধ্বতন কর্মকর্তা আসার অছিলায় সময়ক্ষেপণ করে গোপনে তারা অফিস থেকে সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
