Advertisement

সিআইডি কর্মকর্তা সেজে নারীকে অপহরণের চেষ্টা নোয়াখালীতে আটক ৭

নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনির ব্রাইট হাউজে সিআইডি পরিচয় দিয়ে এক তরুণীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষ্মীপুরের শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম, রুবেল হোসেন, রাজশাহীর মো. জাহাঙ্গীর আলম, বগুড়ার আবুল কাশেম সোহেল, চট্টগ্রামের মো. শাহাদাত হক খান চৌধুরী, ফেনীর মো. নাদির এবং ঢাকার মো. শরীফ মিয়া। তাদের কাছ থেকে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি চারটি বিশেষ জ্যাকেট, তিনটি ওয়াকি-টকি এবং একটি এক্স-নোহা গাড়ি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসার বাসিন্দা মো. আতাউর রহমান ৯৯৯-এ কল করে জানান যে, কতিপয় ব্যক্তি সিআইডি কর্মকর্তা পরিচয়ে তার বাসায় ঢুকে তার মেয়ে তাসনীমুল জান্নাত ওরফে মালিহাকে তুলে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে সিআইডির পোশাক পরিহিত ও ওয়াকি-টকি হাতে আটক করে। পরবর্তী অনুসন্ধানে বাসার সামনে রাখা গাড়ি থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পূর্বে বিবাহবিচ্ছেদ হয়েছিল। সেই পারিবারিক বিরোধের জের ধরেই অভিযুক্তরা সিআইডি পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে তরুণীকে অপহরণের পরিকল্পনা করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের আটক করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার।

0%
0%
0%
0%