Advertisement

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ইলেকট্রিক মিস্ত্রির লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া চৌরাস্তা সংলগ্ন একটি পুকুর থেকে পল্টন মিয়া (৫৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মসজিদের সামনের পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। নিহত পল্টন মিয়া পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে। তিনি ওই এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে লন্ড্রি ও ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর থেকেই পল্টন মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠার পর তাঁর সঙ্গে থাকা প্রায় সাড়ে ৬ হাজার টাকা ও একটি বাটন মুঠোফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কটিয়াদী মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%