AdvertisementAdvertisement

বগুড়ায় ডিবির অভিযানে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বগুড়া সদরের ঠেঙ্গামারা ও বাঘোপাড়া এলাকার সীমান্তবর্তী করতোয়া নদীর তীরের একটি নির্জন আস্তানায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে টিএমএসএস কারখানা ও একটি পেপার মিলের পেছনের জঙ্গলঘেরা এলাকায় পুলিশ ঘিরে ফেলে চক্রটিকে।

অভিযানের সময় পুলিশি তল্লাশিতে একটি বিদেশি রিভলবার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ এবং নির্যাতনের কাজে ব্যবহৃত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক শকার জব্দ করা হয়েছে। তাবু ও পলিথিন দিয়ে তৈরি সেই অস্থায়ী আস্তানায় দীর্ঘ সময় ধরে চক্রটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

Advertisement
বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে চক্রের মূল হোতা রকি ওরফে পিচ্চি রকি রয়েছেন, যিনি শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের মৃত রতন মেম্বারের ছেলে। তার সহযোগী রাকিবসহ অপর একজনকে আটক করা সম্ভব হলেও, অভিযানের খবর টের পেয়ে চক্রের আরও পাঁচ থেকে সাত সদস্য করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, সন্ত্রাসী হিসেবে কুখ্যাত রকির বিরুদ্ধে হত্যা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারসহ চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%