ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মূল হোতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে মাছ ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ ২৬ হাজার ১৮০ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা আকবর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকবর পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

আকবরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখানে আকবরের শ্বশুর ফারুক বিশ্বাসের বাড়ি থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীরা এখনো পলাতক রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, নাটোরের গুরুদাসপুরের মাছ ব্যবসায়ী মো. শাহিন আলী গত ২৪ জুলাই মাছ বিক্রি শেষে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ঈশ্বরদীর মিরকামারী চাঁদ আলীর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ট্রাকে তল্লাশির নামে ব্যবসায়ী ও তার সহকারী আনিছুর রহমানকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে আনিছুর রহমানকে টাকার ব্যাগসহ মোটরসাইকেলে তুলে নিয়ে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

পরবর্তীতে রূপপুর পুলিশ ফাঁড়িতে খোঁজ নিয়ে ব্যবসায়ী শাহিন আলী জানতে পারেন, সেখানে কোনো ডিবি পুলিশ তল্লাশি চালায়নি। এর কিছু সময় পর আনিছুর রহমান জানান যে, রেশম বাগান এলাকায় গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দুর্বৃত্তরা ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে দাশুড়িয়ার দিকে পালিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে মূল অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

0%
0%
0%
0%