পাবনায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

পাবনার আমিনপুর থানার বুলন্দর চর এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম তাকাই প্রামানিক, তিনি একই গ্রামের মৃত ছবেদ প্রামানিকের ছেলে।
এই ঘটনায় শিশুটির বাবা আমিনপুর থানায় মামলাটি দায়ের করেছেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লিখিত এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শিশুটি চাচার বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত বৃদ্ধ তাকাই প্রামানিক শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে টাকা দেওয়ার প্রলোভন ও হত্যার হুমকি দিয়ে শিশুটিকে কাউকে কিছু বলতে নিষেধ করে।
সন্ধ্যায় শিশুটির রক্তপাত শুরু হলে সে অসুস্থ হয়ে পড়ে এবং পরিবার বিষয়টি বুঝতে পারে।
শিশুটির ভাইয়ের স্ত্রী লাবনী খাতুন জানান, তিনি তাকাই প্রামানিককে ওই ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন এবং কিছুক্ষণ পর শিশুটিকেও সেখান থেকে বের হতে দেখেন। পরিবারের জিজ্ঞাসাবাদে শিশুটি ধর্ষণের কথা জানায়।
আমিনপুর থানার ডিউটি অফিসার এসআই রেজাউল করিম বৃদ্ধ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি বর্তমানে থানায় রয়েছে।
জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর ও আমিনপুর সার্কেল) নাম প্রকাশ না করার শর্তে জানান, আসামি গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
