AdvertisementAdvertisement

ভৈরবে পৌর কর্মকর্তাকে কাফনের কাপড় ও হত্যার হুমকি তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় ও আগরবাতি পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পৌরসভার মাস্টাররোলে কর্মরত তিন কর্মচারী আল-মামুন, আল-আমিন ও রাকিব মিয়ার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযুক্তরা বর্তমানে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

গত ১৯ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকায় নির্বাহী কর্মকর্তার স্ত্রীর মালিকানাধীন চিকিৎসালয়ের ঠিকানায় এসএ পরিবহনের মাধ্যমে একটি পার্সেল পাঠানো হয়। পার্সেলটি গ্রহণ করেন ফারুক হোসেনের ছেলে মুনতাসির মাহমুদ ঈশান। প্যাকেট খোলার পর ভেতরে এক গজ সাদা কাফনের কাপড়, গোলাপজল, এক প্যাকেট আগরবাতি ও একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে আগামী এক মাসের মধ্যে ভৈরব ত্যাগ না করলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা মো. ফারুক হোসেন। তিনি দাবি করেন, দীর্ঘ চার বছর ধরে তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেননি। মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের মামলা নিয়ে জটিলতার কারণেই তারা ক্ষুব্ধ হয়ে এই অনৈতিক পথ বেছে নিয়েছে বলে তার ধারণা।

পৌরসভার দুই সিনিয়র কর্মকর্তা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিক পর্যায়ে তারা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এরপর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদকে বিস্তারিত অবহিত করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম মামুনুর রশীদ জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, স্থানীয়রা ও সংশ্লিষ্টরা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%