কমলাপুর থেকে জুরাইন পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রেলপথ ঘিরে বছরের পর বছর ধরে চলছে মাদক কেনাবেচা। একজন গ্রেপ্তার হলে পরিবারের অন্য কেউ কারবারের হাল ধরেন, কেউ আত্মগোপনে থেকে সহযোগীদের দিয়ে বিক্রি করান, কেউ জামিনে বেরিয়ে আবার পুরোনো কারবারে ফেরেন।
অনুসন্ধানে এই রেলপথ ঘিরে ছয়টি মাদকের স্পট পাওয়া গেছে। সেগুলো হলো গেন্ডারিয়ার গুমটিঘর, যাত্রাবাড়ীর করাতিটোলা ও ওয়াসা কলোনি, কদমতলীর জুরাইন রেলস্টেশনে জুলহাসের স্পট, শ্যামপুরের আইজি গেট এবং ওয়ারীর স্বামীবাগ। এই এলাকাগুলো ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী, ওয়ারী, কদমতলী, গেন্ডারিয়া, শ্যামপুর ও ডেমরা থানা এলাকায় পড়েছে। স্পটগুলো নিয়ন্ত্রণ করেন অন্তত ১৯ জন। তাঁদের মধ্যে পাঁচজন এখন কারাগারে আছেন, বাকিরা জামিনে আছেন বা পলাতক।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযান হয়েছে, কারবারিরা গ্রেপ্তারও হয়েছেন। তাতে নিয়ন্ত্রণ বদলেছে, কিন্তু মাদকের কারবার বন্ধ হয়নি। তাঁদের অভিযোগ, স্বাধীনতার পর থেকেই ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে এসব এলাকায় মাদক কেনাবেচা চলছে। রেললাইনের পাশের ছোট ছোট খুপরিতে প্রকাশ্যে মাদক সেবন করা হয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এসব আখড়ায় আসে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত শুধু গুমটিঘরের মাদক স্পটে ১৪০টি অভিযান চালানো হয়েছে। মাদক বিক্রির অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে গেন্ডারিয়া থানা-পুলিশ। সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ২৪০ জন। এই সময়ে গেন্ডারিয়া থানায় মাদকের মামলা হয়েছে ৫৯টি। অভিযানে উদ্ধার হয়েছে ৮ হাজার ২৪১টি ইয়াবা, প্রায় ৬ কেজি গাঁজা, ৫৮০ গ্রাম হেরোইনসহ বিভিন্ন মাদক।
বর্তমানে গুমটিঘর এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ করেন রহিমা, মিনু, রবিন ও লাবনী। লাবনীর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় প্রায় ১৭টি মামলা রয়েছে। গত ২৪ অক্টোবর যাত্রাবাড়ী থানা-পুলিশ তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার পুলিশের একটি সূত্র জানায়, লাবনী জামিনে বেরিয়ে আবার মাদক কারবার শুরু করেছেন।
গত ১৭ অক্টোবর গুমটিঘরে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের মুখে পড়েন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এর জেরে তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়। ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, পুলিশকে বহুবার বলার পরও তারা সেখানে যায়নি।
পুলিশ সূত্র বলছে, ইশরাকের অভিযানের চার দিন আগে, ১৩ অক্টোবর গুমটিঘরে বড় অভিযান হয়েছিল। পুলিশ, ডিবিসহ বিভিন্ন বাহিনীর ৩৬৫ সদস্য এতে অংশ নেন। সেখান থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সায়েদাবাদের ওয়াসা কলোনিতে দুটি পক্ষের নিয়ন্ত্রণের তথ্য পাওয়া গেছে। এক পক্ষে রয়েছেন ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল, মো. বাপ্পী, মো. হানিফ ও মোছা. শামসুন্নাহার। গত ১৮ জুন স্বামীবাগ থেকে তাঁদের দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২ মার্চ সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে সজল ও তাঁর সহযোগীরা গুলি করেন। সজল গ্রেপ্তারের পর তাঁর ভাই সজীব কারবার চালাচ্ছিলেন। সম্প্রতি সজীব ও তাঁর চার সহযোগীকে চারটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, অস্ত্রগুলোর দুটি ২০২৪ সালের ৫ আগস্টের সময় থানা থেকে লুট হয়েছিল।
ওয়াসা কলোনির অন্য পক্ষের নিয়ন্ত্রণে রয়েছেন মৌসুমী ও তাঁর বোন মুক্তা। মৌসুমীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি আবার গ্রেপ্তার হয়ে তিনি এখন কারাগারে।
শ্যামপুরের ফরিদাবাদের আইজি গেটে প্রায় ৫০ বছর ধরে সরকারি জমি দখল করে বস্তি গড়ে তোলেন প্রভাবশালীরা। এই স্পটের নিয়ন্ত্রণে মো. কচি, শহীদ চেয়ারম্যান ও পিচ্চি রানার নাম পাওয়া গেছে। পুলিশ সূত্র জানায়, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁরা পলাতক। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শ্যামপুর থানায় মাদক আইনে ২৯টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪৭ জন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
জুরাইন রেললাইন ক্রসিং এলাকার মাদকের বড় আখড়াটি জুলহাসের স্পট নামে পরিচিত। জুলহাস আত্মগোপনে আছেন। তাঁর হয়ে বর্তমানে কারবার চালান টিটু, আমির ওরফে কালা আমির, কামাল ওরফে গুজা কামাল ও কালু। ১৩ নভেম্বর এই স্পটের পাশে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।
ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, আইজি গেট ও ওয়াসা কলোনি বস্তি উচ্ছেদের পর ওই দুই এলাকায় মাদক কেনাবেচা বন্ধ হয়েছে। এরপর গত দেড় মাসে আইজি গেট এলাকায় মাদকের কোনো মামলাও হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, খুচরা বিক্রেতা ও সেবনকারীদের ধরে কারবার বন্ধ করা যাবে না। মূল হোতাদের ধরতে হবে। পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে।