নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলনে সড়ক নির্মাণের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

নেত্রকোণার আটপাড়া উপজেলার বানিয়াজান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় মগড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কাবিখা প্রকল্পের আওতায় সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ নূর রহমানের বিরুদ্ধে সরাসরি তত্ত্বাবধানে এই সড়ক নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় 'আটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট উপজেলা পরিষদের সীমানা হতে উত্তর পাশের পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণ' শীর্ষক এই প্রকল্পের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সভাপতি হিসেবে ইউপি সদস্য রেণু মিয়াকে দায়িত্ব দেওয়া হলেও, নির্ধারিত বাজেটে কাজ করা সম্ভব নয় বলে তিনি অনাগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরাসরি প্রকল্পটির কাজ শুরু করা হয়।

সরেজমিনে দেখা যায়, সরকারি পরিত্যক্ত খালের ওপর বাঁধ দিয়ে প্রায় ১০ থেকে ১৫ হাজার ঘনফুট ভিটি বালু ফেলে সড়কটি নির্মাণ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বৈধ বালুমহাল থেকে বালু সংগ্রহের বাধ্যবাধকতা থাকলেও, উপজেলার ভরতোষীর চর এলাকায় মগড়া নদী থেকে বাংলা ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের দাবি, কম খরচে বালু সংগ্রহের জন্য রাতের আঁধারে নদী থেকে বালু তোলা হচ্ছে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে এবং নদীতীরে ভাঙন সৃষ্টি করছে।

বালু সরবরাহকারী সেলিম মিয়া জানান, প্রশাসন কম দামে বালু সংগ্রহের শর্ত দেওয়ায় তিনি অবৈধ ড্রেজার ব্যবহার করতে বাধ্য হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্প কমিটি কাগজে-কলমে থাকলেও মূলত ইউএনও নিজ তত্ত্বাবধানে এই কাজ পরিচালনা করছেন। এছাড়া উপজেলার আরও কয়েকটি প্রকল্প একই পদ্ধতিতে বাস্তবায়নের অভিযোগ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মমিন জানান, প্রকল্পের ৫০ শতাংশ অর্থ ইতোমধ্যে ছাড় করা হয়েছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ নূর রহমানের সাথে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০%
০%
০%
০%