Advertisement

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার বিজিবি হেফাজতে অস্ত্র ও সরঞ্জাম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বর্তমানে সীমান্ত এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফের কয়েকজন সদস্য বিনা প্ররোচনায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা কয়েকজন কৃষককে মারধর করলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যান।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিজিবির সদস্যরা বিএসএফের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছেন।

এ বিষয়ে বিজিবি সূত্রে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে। অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই ঘটনায় এলাকাবাসী সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%