Advertisement

স্বামীর কাছে যৌতুক দাবি ও হুমকির মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্বামীর কাছে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগে দায়ের করা মামলায় তানিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আরিফ হোসেন শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত তানিয়া খাতুন রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় সাখাওয়াতের পরিবার পক্ষ থেকে তাকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। বিয়ের পর থেকেই তানিয়া তার স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না দিলে সংসার করবেন না বলে হুমকি দিতে থাকেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে তানিয়া স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান। স্থানীয়ভাবে ও সামাজিকভাবে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তিনি দাবিকৃত টাকা ছাড়া সংসারে ফিরতে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে ভুক্তভোগী সাখাওয়াত হোসেন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, আদালতের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর আগে আসামি একবার সংসার করার শর্তে জামিন নিয়েছিলেন। পরবর্তীতে লিগ্যাল এইডসহ বিভিন্ন মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তানিয়া বাদীর সঙ্গে ঘর করতে রাজি না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এ ঘটনায় ন্যায়বিচার প্রাপ্তির আশায় নিহতের পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%