Advertisement

ভারতে হোটেল অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার ব্যবসায়ী সাজুর মরদেহ দেশে হস্তান্তর

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের বাসিন্দা ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজুর মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হওয়ার পর শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ৪৫ বছর বয়সী সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের মৃত ইউনুচ সরদারের সন্তান ছিলেন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ইমিগ্রেশন ইনচার্জ সজিব বালা, বিজিবির ভোমরা বিওপির কমান্ডার আফজাল হোসেন এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষে আলিমুজ্জামান সাজুর ছোট ভাই মাহাবুবুর নবী দীপু মরদেহ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন সাজু। গত বুধবার তাঁর দেশে ফেরার কথা ছিল, কিন্তু তার আগের রাতেই হোটেলটিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। চিকিৎসার জন্য গিয়ে অকাল প্রাণহানিতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ এলাকায় আনতে পারলেও স্বজনরা শোকাতুর।

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে ভারতের ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট সাতজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। হোটেলটিতে সেই সময় প্রায় ২৫ জন বাংলাদেশি অবস্থান করছিলেন বলে জানা গেছে। একই অগ্নিকাণ্ডে কালিগঞ্জের আরেক বাসিন্দা রেবতীও নিহত হন, যার শেষকৃত্য ভারতের নিমাইতলা শ্মশানে সম্পন্ন করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের পরিবারবর্গ।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%