Advertisement

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় বীমা কর্মকর্তা নিহত আটক চালক

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মঞ্জুর আলম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ব্যক্তি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বামুনসুন্দর শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে বাজার করার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে মিঠাছরা বাজারে গিয়েছিলেন মঞ্জুর আলম। ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং চালক মো. সোলায়মানকে আটক করা হয়েছে। আটক সোলায়মান কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত আবদুল বারেকের ছেলে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঞ্জুর আলমের মৃত্যুতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী শামীমা আক্তার নিজেও একই প্রতিষ্ঠানের বারইয়ারহাট শাখার এজেন্সির ইনচার্জ ও সহকারী জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক মঞ্জুর আলমকে শুক্রবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%