Advertisement

চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় গাড়িচালক মো. সজিবকে নৃশংসভাবে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জের বানিয়াচংয়ের মো. নুরুল আমিন, কুমিল্লার দেবিদ্বারের মো. শাহজাহান এবং ফেনী সদর উপজেলার মো. নুরুল আলম টুটুল। রায় ঘোষণার সময় আসামি নুরুল আলম টুটুল আদালতে উপস্থিত ছিলেন, তবে অপর দুই আসামি মো. নুরুল আমিন ও মো. শাহজাহান পলাতক রয়েছেন। আদালতের নির্দেশে উপস্থিত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও যাবতীয় তথ্য-প্রমাণ পর্যালোচনার পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই কঠোর আদেশ দেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২১ সালের ২৭ অক্টোবর পাহাড়তলী থানাধীন টোল রোডের পাশের একটি কৃষিজমি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে নিহত ব্যক্তি নোয়াখালীর চাটখিলের বাসিন্দা ও পেশায় গাড়িচালক মো. সজিব বলে শনাক্ত করা হয়।

তদন্তে জানা যায়, বিভিন্ন জেলায় মালামাল পরিবহনকারী সজিব ২০২১ সালের ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তার লাশের মাথার পেছনে থেতলানো আঘাত, বুকে ধারালো অস্ত্রের জখমসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ এবং ২০২৩ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%