Advertisement

সিলেটে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে ১৩৮

সিলেট বিভাগে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হবিগঞ্জ জেলার এবং অন্যজন সিলেট জেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৯ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে, যার ফলে হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৯৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে প্রাণ হারানো ১৩৮ জনের মধ্যে ছয়জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া গিয়েছিল, তবে বাকি ১৩২ জনকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সন্দেহভাজন রোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সারা দেশের পরিস্থিতিও উদ্বেগজনক। গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ৯০৮টি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮০৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে এবং ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। সিলেট বিভাগে দীর্ঘ সময় ধরে চলা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%