চট্টগ্রামে নতুন করে ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১ হাজার ৪০৯

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, আলোচ্য সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঁচজন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে দুজন ভর্তি হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও ছয়জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৪০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ১৬৭ জন এবং বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ২৪২ জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৬৫ জন। ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ করে মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করছে স্বাস্থ্য বিভাগ।
