Advertisement

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় চাকা মেরামতকারী চালক নিহত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার গান্ধীমারী পাইকারামোড় এলাকায় মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে বিকল হওয়া ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত নজরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল মালেক মিয়ার পুত্র।

নিহতের সহকারীর ভাষ্যমতে, তুলাবোঝাই ট্রাকটি বরিশালের গৌরনদী থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে পাইকারামোড় এলাকায় চাকা পাংচার হলে চালক তা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে নজরুল ট্রাকের চাকার এক্সেলের নিচে চাপা পড়েন। ঘটনার আকস্মিকতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় ও রেকার ব্যবহার করে নিহতের মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

0%
0%
0%
0%