Advertisement

নিখোঁজ হওয়ার দুই বছর পর ঈশ্বরদীতে কিশোরের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ দুই বছর নিখোঁজ থাকার পর রুহুল আমিন নামে পনেরো বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর দুই দিন চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদকাসক্তির কারণেই ওই কিশোরের প্রাণহানি ঘটেছে। নিহত রুহুল আমিন পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, অভিমান করে ২০২৪ সালের শুরুর দিকে রুহুল বাড়ি থেকে পালিয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা হলেও কিছুদিন পর সে আবারও পরিবারের অজান্তে পালিয়ে যায়। দ্বিতীয়বার পালিয়ে যাওয়ার পর সে রেলওয়ে স্টেশন এলাকার ছিন্নমূল ও মাদকাসক্ত কিশোরদের সঙ্গে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ড্যান্ডিসহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাতপরিচয় লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে রবিবার দুপুর আড়াইটার দিকে জানাজা সম্পন্ন করে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন।

ঈশ্বরদী উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এলাকায় ছিন্নমূল ও মাদকাসক্ত কিশোরের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তাদের অনেকে বিভিন্ন ধরনের অপরাধ ও নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে। সাধারণত ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে জটিলতা থাকলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%